মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি ও ন্যায্য রূপান্তরের দাবিতে কর্মসূচি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি ও ন্যায্য রূপান্তরের দাবিতে কর্মসূচি

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি—এমন অভিযোগ তুলে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাউস, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রান ও ফেডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শহরের শাপলা উদ্যানে শত শত কৃষকের উপস্থিতিতে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সহসভাপতি নুরুল হাসান আতাহের, নারী নেত্রী শিল্পী বেগম, তৃস্না আক্তার রুশনা, রিনা বেগম, কৃষক নেতা শরীফ আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ।

বক্তারা বলেন, কপ৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও সেদিনের আলোচনায় কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাবে, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য হলেও এ খাত পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।

এই প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিগুলো কপ৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, ২০ নভেম্বর কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণের সুস্পষ্ট অঙ্ক নির্ধারণ করতে হবে এবং চাহিদার অনুপাতে এর নির্দিষ্ট অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে। এ অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে পৌঁছাতে হবে।

দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দিতে হবে এবং ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকদের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে।

তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে থাকতে হবে। পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিনিধিদলকে আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরার আহ্বানও জানানো হয়।

হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চলাফেরায় অক্ষম ব্যক্তি ককটেল বিস্ফোরণ মামলার আসামি

পরের সংবাদ

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ

খেলাধুলা

সব সংবাদ