ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ফের পালালেন শরিফুল ইসলাম নামে সেই আসামি। এর আগে, গত বছরের জুনেও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে যান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে পালিয়ে যান তিনি।
জানা যায়, শরিফুল দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে। ২০১৮ সালে শরীফুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় জিসান হোসেন (১৪) হত্যার ঘটনায় মামলা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে ছয় বছর ধরে কারাগারে ছিলেন তিনি।
গত বছরের ১৯ জুন মামলার শুনানির দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। সেদিন দুপুরের দিকে আদালতে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি।
পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার আদালতে বিচারাধীন মামলায় তাকে হস্তান্তর করা হয়।