মূল সংবাদে যান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, কাদের খেলা নিশ্চিত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, কাদের খেলা নিশ্চিত

কেপটাউনে আগামী বৃহস্পতিবার যৌথভাবে ২০২৭ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করবে আইসিসি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্টের এক বছর আগে কাউন্টডাউন বা দিন গণনা শুরুর সে অনুষ্ঠানে ম্যাচের টিকিট উন্মুক্ত করা হবে। আগামী বছর ২ অক্টোবর শুরু হবে ৫০ ওভার সংস্করণের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটি শেষ হবে ২১ নভেম্বর।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৪ দলের মধ্যে ১০ দল চূড়ান্ত হয়ে যাবে আগামীকালের মধ্যে। ৩০ সেপ্টেম্বর এই দলগুলো বাছাইয়ের শেষ সময়সীমা। এই ১০ দলের মধ্যে আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার টিকিট পেয়েছে আগেই। আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় আরেক সহ-আয়োজক দেশ নামিবিয়াকে বিশ্বকাপের মূল পর্বে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।

বিশ্বকাপের মূল পর্বে বাকি ৮টি দল জায়গা পাবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ১৪ দলের মধ্যে শেষ ৪টি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে, যাদের টুর্নামেন্ট সূচিতে ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে উল্লেখ করা হবে।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দলগুলোর বর্তমান অবস্থান এমন—ভারত (১), নিউজিল্যান্ড (২), দক্ষিণ আফ্রিকা (৩), পাকিস্তান (৪), অস্ট্রেলিয়া (৫), ইংল্যান্ড (৬), শ্রীলঙ্কা (৭), আফগানিস্তান (৮) ও বাংলাদেশ (৯)। র‍্যাঙ্কিংয়ে নবম হয়েও বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত, কারণ তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

র‍্যাঙ্কিংয়ের দশে ওয়েস্ট ইন্ডিজ। এখন ভারতে ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত ক্যারিবিয়ানরা। আগামী বছরের শুরুতে হতে যাওয়া বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে উঠে আসতে হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।

আগামী বৃহস্পতিবার থেকে বিশ্বকাপ টিকিটের জন্য আবেদন কার্যক্রমও শুরু করবে আইসিসি। সেদিন সরাসরি টিকিট কেনা যাবে না, তবে ক্রিকেটপ্রেমীরা ১ অক্টোবর থেকেই টিকিটের জন্য নিবন্ধন করতে পারবেন।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি পর্বে বিভক্ত থাকবে। ১৪টি কোয়ালিফাই করা দলের মধ্যে সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ের ৩টি দলকে নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্ট শুরু হবে। এই সিরিজ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন ফরম্যাটে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি পরবর্তী পর্বে জায়গা করে নেবে।

দ্বিতীয় পর্বে ১২টি দলের মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দলগুলোকে ৬টি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হবে এবং খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিন দল এবং দুটি গ্রুপ মিলিয়ে পয়েন্ট তালিকায় পরবর্তী সেরা দলটি ‘সুপার সেভেন’ পর্বে উঠবে।

সুপার সেভেন পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে ২১টি ম্যাচ খেলা হবে। এখান থেকে সেরা চারটি দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে সুপার সেভেনে শীর্ষ দল মুখোমুখি হবে চতুর্থ দলের, দ্বিতীয় দলটি লড়বে তৃতীয় দলের বিরুদ্ধে। সেমিফাইনালের জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ছবি তোলার নামে এ কী কান্ড! ক্ষোভ ঝাড়লেন সালমান খান

পরের সংবাদ

বাড়ির পাশের গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।