রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জাকির গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভোর রাত ৩টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, জাকিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী ও ইয়াবা কারবারি হিসেবে পরিচিত। তার গ্রুপের সদস্যরা বসিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুরের লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাই করে বেড়াতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।