নিষিদ্ধ সংগঠনের ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ শহর। দুই ঘণ্টারও বেশি সময় ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহনাজ খানের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট ব্রিজের পশ্চিম পাড়ে অবস্থান নেন। পূর্বপাড়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা।
এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এবং টায়ারে আগুন জ্বালিয়ে ওই সড়ক অবরোধ করে রাখেন।
এছাড়াও সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় কাঠের গুঁড়ি ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কে তুথবাটি এলাকায় চলে মিছিল।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেছেন, নৈরাজ্যকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, সকালে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও লগি-বৈঠা নিয়ে যুবদলের অফিস ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।