মূল সংবাদে যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইরাকে ডলার পাঠাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ইরাকে ডলার পাঠাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা

মাস কয়েক বন্ধ থাকার পর ইরাকে ফের নগদ ডলার পাঠাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বাগদাদ। ইরাক সরকারের এক মুখপাত্রের বরাতে আনাদোলু এজেন্সির রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই মুখপাত্র হায়দার আল-আবুদি বলেন, প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদির যুক্তরাষ্ট্র সফরের সময় এ বিষয়ে সমঝোতা হয়েছে। নতুন করে ডলার পাঠানোর ফলে দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে সহায়তা হবে বলে জানান তিনি।

আল-আবুদি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি চালান আসবে।’ তবে চালানে কত ডলার থাকবে বা ঠিক কোন তারিখে তা পৌঁছাবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ইরাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডলার বিতরণে নজরদারি জোরদার, বৈদেশিক মুদ্রার অপব্যবহার কমানো এবং ইলেকট্রনিক লেনদেন বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর এই সমঝোতা হয়েছে। দেশটি ধীরে ধীরে আরও ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে।

এর আগে গত এপ্রিল মাসে ইরাকে নগদ ডলার পাঠানো স্থগিত করে যুক্তরাষ্ট্র। ওই সময় প্রায় ৫০ কোটি ডলারের একটি চালানও আটকে দেওয়া হয়েছিল বলে জানা যায়।

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে বাগদাদের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছিল।

ইরাকের নগদনির্ভর অর্থনীতিতে ডলারের সরবরাহ গুরুত্বপূর্ণ। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা হয় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা একটি হিসাবে।

নতুন করে ডলার সরবরাহ শুরু হলে দেশটির বৈদেশিক মুদ্রার বাজারে নগদ ডলারের চাহিদা মেটাতে তা ভূমিকা রাখবে বলে জানিয়েছে ইরাক সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ভেরিফিকেশনে নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস...

পরের সংবাদ

৪ কিলোমিটার উচ্চতায় অগ্ন্যুৎপাতের ছাই, ইতালিতে রেড অ্যালার্ট জারি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।