মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, নিহত ২৬

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, নিহত ২৬
জাপোরিঝঝিয়া অঞ্চলে রুশ বিমান হামলার পরের দৃশ্য।

গত সপ্তাহে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির পর শান্তির পথে অগ্রগতির যে আশা তৈরি হয়েছিল, দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি আশ্রয়কেন্দ্রে রাশিয়ার প্রাণঘাতী হামলায়  ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাপোরিঝঝিয়া অঞ্চলে চালানো ওই বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। খবর ইউরো নিউজের।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) বিমান থেকে ফেলা বোমার আঘাতে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

অঞ্চলটির গভর্নর ইভান ফেদোরভ জানান, রুশ বাহিনী দিনজুড়ে কোমিশুভাখা এলাকায় অন্তত নয়টি কেএবি-৩০০০ বোমা নিক্ষেপ করেছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঘটনাস্থলে সব জরুরি সেবা সংস্থার কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কাজ করছেন। পৌরসভার কর্মীরা ধ্বংসস্তূপ সরাচ্ছেন।’

জেলেনস্কি হামলাটিকে ভয়াবহ আখ্যা দিয়ে বলেন, মানবিক সহায়তার কাজে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেখানে কয়েকজন মানুষ সহায়তা নিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘প্রথম বিমান হামলার পর আরও নয়টি বোমা দিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয় সেই আশ্রয়কেন্দ্রকে, যেখানে মানুষ নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন।’

ডিএসএনএসের প্রকাশ করা ঘটনাস্থলের ছবিতে একটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। সেখানে পুড়ে যাওয়া একটি বাসও দেখা যায়।

জেলেনস্কি বলেন, এ হামলা শান্তিচুক্তির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি লেখেন, ‘ওলেশকিতে মানবিক অভিযান চালানোর পর এমন একটি মুহূর্ত এসেছিল, যখন পরবর্তী পদক্ষেপগুলো শান্তির পথে অগ্রগতি সম্ভব এমন ইঙ্গিত দিতে পারত।’

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ-অধিকৃত শহর ওলেশকি থেকে সরিয়ে নেওয়া লোকজন শনিবার বেলারুশ হয়ে ইউক্রেনে পৌঁছান। কিয়েভ ও মস্কোর মধ্যে বিরল এক মানবিক যুদ্ধবিরতির সুযোগে তাদের সরিয়ে নেওয়া হয়।

তবে জেলেনস্কির মতে, জাপোরিঝঝিয়ায় হামলার মধ্য দিয়ে রাশিয়া সম্পূর্ণ বিপরীত বার্তা দিয়েছে এবং তারা আরও হত্যাকাণ্ডের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘বিশ্বের পক্ষ থেকে এর জবাব দিতে হবে। শক্ত ও কঠোর জবাব।’

এদিকে খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কোরাবেলনি জেলায় ড্রোন হামলার পর ওই অঞ্চলে আবারও রুশ হামলা শুরু হয়েছে। ওই হামলায় ৬২ বছর বয়সী এক নারী ও ৭৩ বছর বয়সী এক পুরুষ বিস্ফোরণে আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মেক্সিকোতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।