ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত ও মানবপাচারের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক নারী ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ইছাকপুর গ্রামের শোবি বেগম (৩০) ও তার ভাই শামছুল (২৮)।
গত ৩০ সেপ্টেম্বর সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ইতালিতে পাঠিয়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়।
পরে কয়েকজনকে লিবিয়ায় পাঠিয়ে সেখানে আটকে রেখে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
পুলিশের দাবি, চক্রটির কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করছে। তাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
জগন্নাথপুর থানার এসআই নূর হোসেন জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে।