কক্সবাজারের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে রামুতে চলন্ত একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের কর্মকর্তারা জানান, সোমবার রাত ১২টার দিকে রামু বাইপাস গেটে চলন্ত একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ ছাড়া কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের প্রবেশপথ ও একই এলাকার গ্রামীণ ব্যাংকের ফটক, চকরিয়ার কৈয়ারবিল এবং টেকনাফের শাপলাচত্বরসহ জেলার বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অন্যদিকে, রাতের আঁধারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রবেশপথ এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।
পরে সেখানে ব্যানারও টাঙানো হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, সোমবার রাতে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএনও কার্যালয়ের ফটকে বাইরে থেকে তালা লাগানো হয়েছিল।
পরে পুলিশের সহযোগিতায় তালাগুলো খুলে দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাগুলো খুলে দিয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান বলেন, রাতে জেলার একাধিক স্থানে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছেন।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।