মূল সংবাদে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সাভারে স্কুলের সামনে থেকে ৩ টি ককটেল উদ্ধার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সাভারে স্কুলের সামনে থেকে ৩ টি ককটেল উদ্ধার

সাভারে অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পড়ে থাকা তিনটি ককটেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এ কার্যক্রম চালান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। এতে আশপাশের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার বিকেলে সিটিটিসির সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতরে থাকা তিনটি ককটেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন।

বোমা নিষ্ক্রিয়করণ দলের পরিদর্শক কাজী তোবারক হোসেন জানান, ককটেলগুলোতে বিস্ফোরক ছিল। তবে সেগুলোতে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। জনবহুল স্থানে ককটেলগুলো বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি ছিল।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, থানার সামনে পুলিশের কঠোর চেকপোস্ট থাকায় দুর্বৃত্তরা সেখানে যেতে না পেরে বিদ্যালয়ের সামনে ককটেলগুলো রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। জনমনে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের ধারণা।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

কক্সবাজারের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ

পরের সংবাদ

কলেজের ফটকে তালা দিয়ে ছবি তোলার সময় ছাত্রলীগ নেতা আটক

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।