ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের পোস্টার সাঁটানোর পর ছবি তোলার সময় আরিফ হাসান নামে সংগঠনটির এক নেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক আরিফ হাসান সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন আরিফ। সকাল থেকেই তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সতর্ক ছিলেন।
আরিফকে দেখতে পেয়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, এ উপজেলায় ছাত্রলীগের কোনো কার্যক্রম সফল হতে দেওয়া হবে না। তারা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে রয়েছেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।