সার চোরাচালানের দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের হুজাইফা মাহমুদ ফাহাদকে পুনরায় সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর ডিলারশিপ বাতিলের দাবি জানিয়ে স্থানীয় কৃষকদের পক্ষে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন মিছবাহ উদ্দিন নামে এক ব্যক্তি। অভিযোগকারী জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত সার ডিলার হুজাইফা মাহমুদ ফাহাদ জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের আলমগীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স্থানে সার পাচার করে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে অবৈধভাবে সার পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের সহায়তায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর সারবোঝাই একটি নৌকা আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হুজাইফা মাহমুদ ফাহাদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর ০৪।
অভিযোগকারীদের দাবি, সরকার কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের সার ও বীজে ভর্তুকি দিচ্ছে। অথচ অভিযুক্ত সার ডিলারদের বিরুদ্ধে সার ও বীজ পাচারের অভিযোগ রয়েছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে সার পাচারের দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত হুজাইফা মাহমুদ ফাহাদকেই পুনরায় সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের আশঙ্কা, সার পাচারের দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় ডিলার নিয়োগ দেওয়া হলে তিনি আবারও একই কাজে জড়িয়ে পড়তে পারেন। তাই তাঁর ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এ দাবিতে পূর্ব কালীপুর গ্রামের মিছবাহ উদ্দিন এবং সাচনা বাজার ইউনিয়নের জিয়াউর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদকের কাছে পৃথক অভিযোগ করেছেন।
উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলায় ছোট-বড় ১৪টি হাওরে ২৪ হাজারের বেশি কৃষক প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেন। এসব কৃষক বীজতলায় বীজ বপন থেকে শুরু করে ধানের চারা রোপণ ও ফসল উৎপাদন পর্যন্ত কঠোর পরিশ্রম করেন। তাঁদের জীবন-জীবিকা অনেকাংশেই বোরো ফসলের ওপর নির্ভরশীল।
তবে সার ডিলারদের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে সার বিক্রি না করে অধিক মুনাফার আশায় অবৈধভাবে সার পাচারের অভিযোগ রয়েছে। এতে সময়মতো সার না পাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
এ বিষয়ে অভিযোগকারী মিছবাহ উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, উত্তর ইউনিয়নে যাঁকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি এর আগেও ডিলারশিপ নিয়ে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি না করে অধিক মুনাফার আশায় সার পাচারের সময় প্রশাসনের হাতে আটক হন। পরে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাই তাঁর ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে হুজাইফা মাহমুদ ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, “আমি নতুন যোগদান করেছি। যে ঘটনার কথা বললেন, তা আমার যোগদানের আগের। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।”
অন্যদিকে, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক ছুটিতে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।