রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।
তাঁদের মধ্যে আহসান হাবিব ও হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শোকজ করা ছয় নেতা হলেন- সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, শরিফুল ইসলাম, বুলবুল রহমান ও ফারুক হোসেন, সহ-দফতর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রদল কর্মী সাজু।
এদিকে, সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আহসান হাবিব, হাসিব হাসান ও বিশাল চক্রবর্তীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
শোকজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে চাঁদাবাজি ও ফুডকোর্টে চুরিসহ বিভিন্ন অভিযোগে রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে দুই দফা সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।