মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সোমালিয়ায় ট্যাংকার জিম্মি করে ৫ নাবিককে হত্যা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সোমালিয়ায় ট্যাংকার জিম্মি করে ৫ নাবিককে হত্যা

সোমালিয়ার উপকূলে জিম্মি করা একটি তেলবাহী ট্যাংকারের পাঁচ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ট্যাংকারটি উদ্ধার এবং ১৬ সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সোমালিয়ার কর্মকর্তারা এমটি অনার ২৫ নামের পালাউয়ের পতাকাবাহী ট্যাংকারটিতে পাঁচ নাবিক নিহত হওয়ার তথ্য জানায়। নিহতদের মধ্যে পাকিস্তানের তিনজন, মিয়ানমারের একজন এবং ভারতের একজন নাগরিক ছিলেন।

দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ট্যাংকারটি ২১ এপ্রিল সোমালিয়ার উপকূল থেকে জলদস্যুরা জিম্মি করে। এতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল।

মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযান শুরুর আগেই জাহাজে থাকা জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন। তাদের মধ্যে পাকিস্তানের তিনজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

কেনিয়ায় ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

দূতাবাস জানিয়েছে, জাহাজটিতে থাকা অন্য ভারতীয় নাবিকরা নিরাপদে আছেন। সম্প্রতি উদ্ধার হওয়া এমটি সিবু ১ ও এমটি ইউরেকা জাহাজের ভারতীয় নাবিকরাও নিরাপদে রয়েছেন।

পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স জানিয়েছে, এমটি অনার ২৫ বর্তমানে নিরাপদে রয়েছে এবং সরকারের নিয়ন্ত্রণে আছে। জাহাজটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

সোমালীয় জলদস্যুদের হাতে এক দশকেরও বেশি সময় পর এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে সোমালিয়ার জলদস্যু তৎপরতা আবারও বেড়েছে। বিশেষজ্ঞদের কেউ কেউ এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবকেও একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে গত সপ্তাহে আরেকটি অভিযানে এমটি সিবু ১ নামের একটি ট্যাংকার উদ্ধার করে পান্টল্যান্ডের মেরিটাইম পুলিশ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই জাহাজটি আগস্টে সোমালীয় জলদস্যুরা জিম্মি করেছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ভিসা ছাড়াই সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ পাবে ১৬১ দেশ

পরের সংবাদ

নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।