জামালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদারগঞ্জ উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ঝিকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ঝিকু (৩৫) পৌরশহরের বালিজুড়ী নামাপাড়া (চরবওলা) গ্রামের লাভলু কামারের ছেলে।
মাদারগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, মাদকসেবী অথবা মাদক কারবারি কেউ দলের লোক নয়। ঝিকু যদি কমিটিতে থাকে তাকে দ্রুত বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, দলের নাম নিয়ে কেউ মাদক কারবারসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে দল তাকে ছাড় দেবে না। কঠোর হস্তে দমন করবে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাকে ৩০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম ঝিকুকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।