মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

১০ দেশের সুপারমার্কেটে সাইবার হামলা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
১০ দেশের সুপারমার্কেটে সাইবার হামলা

ইউরোপজুড়ে সাইবার হামলা ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে অন্তত ১০টি ইউরোপীয় দেশের সুপারমার্কেট চেইনে একের পর এক সাইবার হামলা করেছে হ্যাকাররা। ফলে ফুড সাপ্লাই চেইন ব্যাহত করার পরিকল্পনার ব্যাপারে গ্রাহকদের সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা।

ইতোমধ্যে বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুপারমার্কেটে ফ্রিজারের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় খুচরা বিক্রেতারা খাবার ফেলে দিতে বাধ্য হয়েছেন।

ইউরোপজুড়ে চেইনগুলোতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠেছিল বলে জানা গেছে। তবে, এখন পর্যন্ত কেউ সাইবার হামলা চালানোর কথা স্বীকার করেনি। এসব হামলা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে।

তিন সপ্তাহ আগে এক সাইবার হামলায় ফ্রান্সের প্রায় ৭০০টি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং তাতে আনুমানিক কয়েক কোটি ইউরোর খাদ্যপণ্যের ক্ষতি হয়। এখন রেফ্রিজারেশন সিস্টেমের পাশাপাশি দূর থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণযোগ্য অন্যান্য ডিভাইসের নিরাপত্তা, সরকার-সমর্থিত হাইব্রিড আক্রমণ সম্পর্কে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

ইইউর খাদ্য ও কৃষি বিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বলেছেন, জোটটি সাম্প্রতিক ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং ভবিষ্যতে আরও বিশৃঙ্খলার বিষয়ে তিনি সতর্ক করেছেন।

কমিশনের মুখপাত্র টমাস রেগনিয়ার সরাসরি কারও ওপর দোষারোপ করা থেকে বিরত থাকলেও বলেছেন, ‘এ ঘটনাগুলো অবশ্যই আবারও দেখিয়ে দিয়েছে যে, কীভাবে সাইবার হামলা অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যাহত করতে এবং নাগরিকদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে।’

এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং অবশ্যই এ ধরনের সাইবার হামলার ঘটনার জন্য আমাদের সম্মিলিতভাবে সহনশীল ও প্রস্তুত থাকতে হবে।
ইটালিতে জর্জিয়া মেলোনির সরকার গোয়েন্দা প্রধানদের সঙ্গে একটি বৈঠক শেষে বলেছে যে, এর প্রভাব ‘বর্তমানে খুবই সীমিত’ এবং খাদ্য সরবারহ ব্যবস্থার বেশিরভাগ অংশেই এ ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম, এমন অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সিসিলির অন্তত চারটি কো-অপ সুপারমার্কেট এবং টাস্কানির একটি ব্যবসা প্রতিষ্ঠান সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেলোনির কার্যালয় জানিয়েছে যে, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ‘বেশিরভাগই এখনও পুরনো নিরাপত্তা ব্যবস্থায় চলছে, যেগুলোর ইন্টারফেস সরাসরি ইন্টারনেটে উন্মুক্ত এবং এগুলোতে যাচাই প্রক্রিয়া অপর্যাপ্ত’।

সাম্প্রতিক হামলার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে বেলজিয়ামের সুপারমার্কেটগুলো অন্যতম ছিল, সেখানকার কয়েক ডজন দোকানে হিমায়িত করার ব্যবস্থা বিকল হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির ফেডারেল প্রসিকিউটররা এ নিয়ে তদন্ত শুরু করেছেন।

বেলজিয়ামের ডেলহাইজ সুপারমার্কেটের ম্যানেজার ম্যাথিউ টিলম্যান বিবিসিকে বলেন, এ ধরনের হামলায় তিনি হতবাক হয়েছেন। আমি বুঝতেই পারছি না কেউ এমনটা কীভাবে করতে পারে... কেন আমাদের এতগুলো খাবার ফেলে দিতে হচ্ছে? এটা আমার জন্য সত্যিই বেদনাদায়ক। এমন মুহূর্তে চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করে।

আয়ারল্যান্ডে, সুপারভ্যালুর ১৩টি স্টোর এক সাইবার-হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটিকে চেইনটির মালিক মাসগ্রেভ গ্রুপ একটি বড় ঘটনা বলে অভিহিত করেছেন সোমবার একজন মুখপাত্র বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত স্টোরগুলোতে শীতল ও হিমায়িত পণ্যের সম্ভার পুনরায় পূরণ করার কাজ পুরোদমে চলছে।’

নেদারল্যান্ডসের অল্প কিছু পাড়ার দোকানও এই হামলার শিকার হয়েছে। গত মাসে, এক পৃথক সাইবার-হামলার কারণে সুপারমার্কেট চেইন আলবার্ট হেইনকে বেশ কয়েকটি পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল।

সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান ড্যানফসের ওপর সাইবার হামলার কারণে পশ্চিম জার্মানির রেভে বুস্কেন সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল বলে সংস্থাটি বিবিসিকে জানিয়েছে। সোমবার বিকেল থেকে এর যান্ত্রিক ত্রুটি সারিয়ে স্টোরগুলো পুনরায় চালু হয়েছে।

এদিকে, পর্তুগালে, মোস্কেতেইরোস গ্রুপ জানিয়েছে যে তাদের সাতটি ইন্টারমার্শে দোকানে ঘটা ঘটনাগুলো একটি সাইবার আক্রমণের সাথে সম্পর্কিত, যা ‘রেফ্রিজারেশন সিস্টেম পরিচালনার দায়িত্বে থাকা একজন বহিরাগত পরিষেবা প্রদানকারীকে লক্ষ্যবস্তু করেছিল বলে ধারনা করা হচ্ছে’।

সুইডিশ চেইন আইসিএ সাইবার-হামলার বিষয়টি নিশ্চিত না করেই বলেছে যে, তাদের ‘সীমিত সংখ্যক’ দোকানে হিমায়ন সমস্যা দেখা দিয়েছে এবং সুইডেনের জাতীয় সাইবার-নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে।

ফিনল্যান্ডে, কেস্কো গ্রুপের মালিকানাধীন কয়েকটি ছোট মুদি দোকানে অস্বাভাবিক তাপমাত্রা শনাক্ত করা হয়েছে এবং গ্রুপটি জানিয়েছে যে তারা বিষয়টি তদন্ত করছে।

এস্তোনিয়ায় অন্তত একটি সুপারমার্কেট হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে, যারা সেখানকার রেফ্রিজারেশন ইউনিটের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল বলে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ইআরআর জানিয়েছে।

এদিকে, যুক্তরাজ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার ব্রিটিশ খুচরা বিক্রেতাদের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার হালনাগাদ করার জন্য সতর্ক করেছে।

সংস্থাটি বলেছে, আগামী দুই বছরের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সাইবার হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধান রিচার্ড হর্ন বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে বলেছেন, যুক্তরাজ্যে সাইবার হামলার পর এমন কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে ‘দুর্বল প্রযুক্তির অপব্যবহার করা হয়েছে’।

এর পূর্ণাঙ্গ প্রভাব সম্পর্কে আমরা অবগত নই, তবে আমরা জানি যে এমন কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে দুর্বল প্রযুক্তির অপব্যবহার করা হয়েছে এবং আমরা সে সংস্থাগুলোর সাথে কাজ করছি।

ব্রিটেনের সুপারমার্কেট বা একই ব্র্যান্ড বা মডেলের ফ্রিজারগুলো লক্ষ্যবস্তু হয়েছে, এমন কোনো প্রমাণ আছে কী-না জানতে চাইলে হর্ন বলেন, ‘বিষয়টি শুধু সুপারমার্কেট নয়, বরং পুরো খাদ্য সরবরাহ শৃঙ্খল জুড়েই এর প্রভাব রয়েছে। আমরা রাতভর কাজ করে বিভিন্ন সংস্থাকে সতর্ক করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এমন অরক্ষিত প্রযুক্তি রয়েছে যা এ ধরনের ঝুঁকির সম্মুখীন।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পরের সংবাদ

জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।