দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সোমবার (৫ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ৬০ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। একই সময়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০২ জনের মৃত্যু হয়েছে।