জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই বাংলাদেশি।
আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বাংলাদেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।
শুক্রবার বেলা ১২টার দিকে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ি আনন্দ ভবনে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ অনেকে।