মূল সংবাদে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জাল ভ্রমণ করের রশিদ দেখিয়ে ভারতে যাওয়ার পথে আটক ৭

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জাল ভ্রমণ করের রশিদ দেখিয়ে ভারতে যাওয়ার পথে আটক ৭

জাল ভ্রমণ করের রশিদ দেখিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যাওয়ার সময় সাত ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে নতুন করে ভ্রমণ কর জমা দেওয়ার পর তাদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্টের কাস্টমস-ইমিগ্রেশন ভবনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ভ্রমণ করের রশিদ জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে কর্মকর্তাদের ভ্রমণ করের রশিদ ভালোভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ওই চক্রের দেওয়া জাল রশিদ নিয়ে সাত ভারতীয় পাসপোর্টধারী যাত্রী ভারতে যাওয়ার সময় তাদের ভ্রমণ করের রশিদ জাল বলে প্রমাণিত হয়। এ কারণে তাদের আটক রাখা হয়। পরে ভবিষ্যতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্টের স্থানীয় একটি দালাল চক্রের মাধ্যমে তারা জাল ভ্রমণ করের রশিদ সংগ্রহ করেন। দালালরা দ্রুত সীমান্ত পার করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে জাল রশিদ দিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করিয়ে দেন।

আটক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা হলেন বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানী ও দেব কুমার।

তাদের একজন বিশ্বজিৎ জানান, বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে দেওয়ার আশ্বাসে বেনাপোল চেকপোস্ট এলাকার একটি চক্রের কাছে পাসপোর্ট জমা দেন। পরে তারা ভ্রমণ করের রশিদ পান। ওই রশিদ নিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষ সেটি জাল বলে শনাক্ত করে। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে নতুন করে ভ্রমণ কর জমা দেওয়ার পর তাদের ভারতে ফেরার সুযোগ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, চেকপোস্টের একটি চক্র ভারতে যাওয়ার উদ্দেশ্যে আসা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে। এরপর বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে জাল ভ্রমণ কর ও বন্দর করের রশিদ তৈরি করে যাত্রীদের সরবরাহ করা হয়। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটলেও অজ্ঞাত কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না বলে অভিযোগ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, জাল ভ্রমণ করের রশিদ ব্যবহারের ঘটনায় সাত ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে তাদের কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ

পরের সংবাদ

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানম...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।