কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তেল, গ্যাস সিলিন্ডার ও স্টুডিওসহ অন্তত ১২ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে।
এতে প্রাথমিকভাবে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ভুক্তভোগী ও স্থানীয়দের। শনিবার (১৪ নভেম্বর) ভোরের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বাজারের একটি দোকানে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এর পাশে গ্যাস সিলিন্ডারের দোকান থাকায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দোকানগুলোতে থাকা মালামালসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ব্রাহ্মণপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা হয়। বর্তমানে আগুন নেভানো হয়েছে।