বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি সই করেছে বাংলাদেশ।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ ও ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে এ৩৫০-৯০০ উড়োজাহাজগুলো দীর্ঘপাল্লার এবং এ৩২১নিওগুলো আঞ্চলিক ও মাঝারি দূরত্বের পথে ব্যবহারের জন্য নেওয়া হবে।
অনুষ্ঠানে এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইয়ুর্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমী এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমানের দীর্ঘপাল্লার ও আঞ্চলিক উড়োজাহাজ বহর সম্প্রসারিত হবে। এর আগে মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে বিমান।
ফলে এয়ারবাসের ১০টি উড়োজাহাজসহ বিমানের নতুন উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পিত সংখ্যা দাঁড়াবে ৩৫টিতে। এর মধ্যে ১৯টি হবে বড় আকারের এবং ১৬টি মাঝারি আকারের উড়োজাহাজ।
সরকার জানিয়েছে, এয়ারবাসের উড়োজাহাজগুলোর সরবরাহ দ্রুত শুরু করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে জানানো হয়েছিল, সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হয়ে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে।
বিমানের বর্তমান বহরে এয়ারবাসের কোনো উড়োজাহাজ নেই। নতুন চুক্তি বাস্তবায়িত হলে প্রথমবারের মতো বড় পরিসরে এয়ারবাসের উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হবে। পাশাপাশি বোয়িং ও এয়ারবাস- দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বহর পরিচালনার পথে যাবে রাষ্ট্রীয় এয়ারলাইনটি।