চিত্রনায়িকা পূজা চেরির বিয়ের গুঞ্জনে তোলপাড় নেটদুনিয়া। গোপনে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন এমন খবরে সরগরম অন্তর্জাল। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার মুখ খুলেছেন নায়িকা নিজেই। একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সামাজিকমাধ্যমে বিয়ের গুঞ্জন নিয়ে একটি পোস্ট করেন তিনি। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন- তিনি এখনও বিয়ে করেননি।
অভিনেত্রী লিখেছেন, একটি সাক্ষাৎকারে জানিয়েছিলাম, পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।
চিত্রনায়িকা আরও লেখেন, এরপরও কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। অনেকের সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক। বর্তমানে নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন এবং সে কারণেই ক্যামেরার সামনে তিনি নেই বলে জানান পূজা।
ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ বলে জানান তিনি।
সবশেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি জানান, সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।
আশা করি, সাংবাদিক ভাইবোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।