মূল সংবাদে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমা উদ্ধার, পুলিশি নজরদারি বৃদ্ধি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমা উদ্ধার, পুলিশি নজরদারি বৃদ্ধি

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ী গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু ও বিস্ফোরক আলামত উদ্ধার করেছে পুলিশ। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কোনো দুর্বৃত্ত গভীর রাতে এটি ফেলে বা নিক্ষেপ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ব্যাংকের নৈশপ্রহরী মো. বাদশা আনুমানিক রাত ৩টার দিকে বিকট শব্দ শুনতে পান। তিনি জানান, একটি মোটরসাইকেল এসে গ্রামীণ ব্যাংকের ভবনের দিকে কিছু একটা ছুড়ে মারে। এর শব্দ শোনার সঙ্গে সঙ্গেই চারপাশ তীব্র দুর্গন্ধ ও গ্যাসে ভরে ওঠে। প্রথমে এটিকে ককটেল বলে ধারণা করা হলেও পরে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে ব্যাংক ভবনের উত্তর ও দক্ষিণ পাশ থেকে পেট্রোলভর্তি বোতলসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

খবর পাওয়ার পরপরই কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শামীম হোসাইনসহ পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক বা গুজব ছড়িয়ে না পড়ে, সে জন্য জুমার নামাজ শেষে সাগরদাঁড়ী বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বিশেষ সচেতনতামূলক বার্তা দেন ওসি হাফিজুর রহমান।

ওসি হাফিজুর রহমান মুসল্লিদের উদ্দেশে বলেন, "আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হোন। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিন। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।"

ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কেশবপুর থানা পুলিশের তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ব্যাংক ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বেনাপোলে আওয়ামী লীগের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্ত...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।