নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, দুর্বৃত্তদের ধাওয়া করেও আটকানো সম্ভব হয়নি। এ ঘটনার প্রতিবাদে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।
গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।