ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘সকারামা’। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন ফুটবলার ক্লদিও ক্যানিজিয়ার।
অনুষ্ঠানে একই মঞ্চে সংগীত পরিবেশন করবে চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার।
লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি মঙ্গলবার বেলা ৩টা থেকে শুরু হবে। বিশ্ব ফুটবলের তারকা ক্যানিজিয়ার উপস্থিতিতে পারফর্ম করা নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশ নেওয়া ব্যান্ডগুলো।
সামাজিক মাধ্যমে চিরকুট ব্যান্ড লিখেছে, ‘১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপ কাঁপানো আর্জেন্টাইন সুপারস্টার ক্লদিও ক্যানিজিয়া আসছেন ঢাকায়, ১৮ অগাস্ট। কী এক অনবদ্য ডিটারমিনেশন আর অরা নিয়ে খেলতেন তিনি! তার জন্য পারফর্ম করব, দারুণ উত্তেজিত। বিশ্ব ফুটবলের গ্লোরিয়াস এই আইকনকে সেলিব্রেট করতে আয়োজন করা হচ্ছে কনসার্ট সকারামা।’
ব্যান্ড অড সিগনেচার শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে লিখেছে, ‘সংগীত ও ফুটবলের যুগলবন্দিতে দিনটি হয়ে উঠবে উৎসবমুখর। এই আয়োজনে অন্যতম বড় আকর্ষণ হিসেবে যোগ দিচ্ছেন ক্যানিজিয়া। এই অবিস্মরণীয় উদযাপনে সবাইকে আমন্ত্রণ।’
আয়োজকেরা জানিয়েছেন, ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’ এ সকারামা কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
দর্শকদের সুবিধার্থে তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়ার সুযোগ থাকছে। সিলভার ক্যাটাগরির টিকিটের মূল্য ২ হাজার টাকা, গোল্ড ক্যাটাগরি ৩ হাজার টাকা এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিট নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।