জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাঠ-সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জেলা পরিষদের কার্যক্রম, স্থানীয় সরকার ব্যবস্থা এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে ধারণা নিতে প্রশিক্ষণার্থীরা এ মতবিনিময় সভায় অংশ নেন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উদ্যোগে আয়োজিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে জয়পুরহাট জেলায় সংযুক্ত করা হয়েছে।
৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন তারা জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের কার্যক্রম ও স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদের সচিব সরকার মোহাম্মদ রায়হান।
মতবিনিময় সভায় জেলা পরিষদের সামগ্রিক কর্মকাণ্ড, স্থানীয় সরকার ব্যবস্থার গতিশীলতা, জেলা পরিষদের দায়িত্ব ও কার্যক্রম এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান এবং মাঠ প্রশাসনে কাজের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশ ও জনগণের কল্যাণে নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
সভা শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অতিথিবৃন্দ একসঙ্গে সৌজন্য আলোকচিত্রে অংশ নেন।